জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

ঢাকা, ৫ এপ্রিল – প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচারের ক্ষেত্রে তারা মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কার কাজে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। ২০১৪ সালে তিনি তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন এবং পরে দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে কাজ করেন।

অন্যদিকে, আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইয়ের মতো প্রতিষ্ঠানে তিনি তার সাংবাদিকতা ক্যারিয়ার অতিবাহিত করেন। ২০০৪ সালে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চারদলীয় জোট সরকারের সময় তিনি কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language