শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে পরবর্তী মন্ত্রিসভায়

ঢাকা, ৫ এপ্রিল – শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। সশরীরে এবং অনলাইনে মিশ্র পদ্ধতিতে ক্লাস চলবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে। এর আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, অংশীজনদের সঙ্গে আলোচনার পর প্রস্তাবনাটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। সেখানে সিদ্ধান্ত হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এর আগে তাদের আনুষ্ঠানিকভাবে আর কিছু বলার থাকবে না। সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই হিসেবে পরবর্তী বৈঠকটি আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে তারা এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করবে। গত শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতেও বিষয়টি প্রকাশ করা হয়েছিল।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language