মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: ইরান

তেহরান, ৫ এপ্রিল – দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য সামনে বড় চমক অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, চলমান সংঘাতে তেহরান সম্পূর্ণ নিজেদের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং তাদের একটি বিশেষ টার্গেট ব্যাংক প্রস্তুত রয়েছে। এসব স্থানে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের ধাক্কা খাবে।

ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নিরাপত্তা কর্মকর্তা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার লক্ষ্যবস্তুগুলো মোটেই নির্ভুল নয়। একইসঙ্গে ইরানের বিভিন্ন সেতুতে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, সেটিকে তিনি সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা দাবি করেন, মার্কিনিদের সামরিক অভিযান ইতোমধ্যে ব্যর্থ হয়েছে এবং তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কারণেই তারা এখন সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য আমাদের বড় ধরনের চমক রয়েছে। একটু অপেক্ষা করলেই তারা সেই চমক দেখতে পাবে। দক্ষিণ ইরানে তারা বর্তমানে যা করছে, সেখানকার পরিস্থিতিও খুব দ্রুত আমাদের অনুকূলে চলে আসবে।

গেরিলা এবং অসম যুদ্ধে কীভাবে শত্রুদের পরাস্ত করতে হয়, তা ইরান খুব ভালোভাবে রপ্ত করেছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল পরিষ্কার, দ্রুত এবং সহজ হামলার মাধ্যমে ইরানকে পরাজিত করতে। কিন্তু তাদের সেই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language