কুয়েতের সুয়াইখ তেল কমপ্লেক্সে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েত শহর, ৫ এপ্রিল – কুয়েতের সুয়াইখ তেল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার ৫ এপ্রিল সকালে চালানো এই হামলায় কমপ্লেক্সের অভ্যন্তরীণ বিভিন্ন অবকাঠামোতে ভয়াবহ আগুন ধরে যায়।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এই কমপ্লেক্সটিতে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তেল মন্ত্রণালয়ের কার্যালয় অবস্থিত।
ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে অপর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের এই ড্রোন হামলায় সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ওই হামলার জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। এই ধারাবাহিকতায় কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে সর্বাধিক হামলার ঘটনা ঘটেছে।
মাত্র দুই দিন আগেও কুয়েতের একটি পানি শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালানো হয়। ওই দুটি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির পর আজ রোববার পুনরায় তেল কমপ্লেক্সে এই হামলার ঘটনা ঘটল।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









