সাফজয়ী অ-২০ ফুটবলারদের বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ এপ্রিল – সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার সন্ধ্যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান চ্যাম্পিয়ন ফুটবলাররা। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ২০০৩ সালের সাফ ফাইনালে টাইব্রেকারে শট ঠেকিয়ে বীরত্ব দেখিয়েছিলেন। তাই উত্তরসূরিদের সাফল্য উদযাপনে তিনি নিজে ফুল নিয়ে বিমানবন্দরে হাজির হন।
অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিমন্ত্রী। এ সময় ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী উপস্থিত ছিলেন।
ফুটবল বিশ্বে বড় কোনো শিরোপা জিতলে ছাদখোলা বাসে উদযাপনের রীতি প্রচলিত আছে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের নারী ফুটবল দল প্রথম এই সম্মান লাভ করে। পরবর্তীতে ২০২৪ সালে ফের সাফ জয় এবং ২০২৫ সালে এশিয়া কাপে ওঠার পর আরও দুবার নারী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। তবে পুরুষ দলের জন্য এবারই প্রথম এমন আয়োজন করা হলো।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের ছবি দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে এই ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে বাসে করে সরাসরি হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে যাবেন ফুটবলাররা। সেখানে বাফুফের পক্ষ থেকে মিঠু ও রোনানদের জন্য এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে বর্ণিল আলো ও খেলোয়াড়দের বিশাল সব ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো হাতিরঝিল এলাকা।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









