জাতীয়

জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ, ৪ এপ্রিল – আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি জানান জুলাই সনদ সম্পূর্ণ স্বতন্ত্র ও কার্যকরী একটি বিষয় এবং বর্তমান সংসদই এটি কার্যকর করতে সক্ষম। শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন জুলাই সনদ কীভাবে কার্যকর হবে তা সনদের ভেতরেই সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হয়ে যাবে তারা মূলত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তিনি উল্লেখ করেন বিএনপি এই জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্রজনতার রক্তে লেখা এই সনদকে দেশের আপামর জনসাধারণের মুক্তির দলিল হিসেবে বিশ্বাস করে দলটি। সংবিধান সংশোধনের মাধ্যমেই এই সনদ বাস্তবায়ন করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে বিরোধী দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার বিষয়টিকে তিনি মুনাফিকি ও জামায়াতের চরিত্র বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন বিরোধী দল রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশ মানছে অথচ তার ভাষণ শুনছে না। জ্বালানি তেল সংকট প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন এক শ্রেণির অসাধু মানুষ মোটরসাইকেলে করে বারবার তেল সংগ্রহ করে বাসায় মজুত করছে। এতদিন সরকার নমনীয় থাকলেও এখন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা প্রয়োগ করা হবে। কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন দেশকে বাঁচাতে নদী ও খাল খননের কোনো বিকল্প নেই। দখলদার যত শক্তিশালীই হোক না কেন জলাশয়গুলো দখলমুক্ত করা হবে। আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে তারেক রহমান শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language