মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘ডুমসডে’ বার্তা

তেহরান, ৪ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রকে চরম ধ্বংসযজ্ঞ বা ডুমসডের বার্তা দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী সাম্প্রতিক হামলায় মার্কিন সামরিক শক্তির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। একাধিক মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে তেহরান। ক্ষতিগ্রস্ত আকাশযানের তালিকায় এফ ১৫ এফ ১৬ এ ১০ যুদ্ধবিমান এবং এমকিউ ৯ রিপার ড্রোনসহ বিভিন্ন হেলিকপ্টার ও ট্যাঙ্কার বিমান রয়েছে।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ডুমসডে শব্দটি। সাধারণত ডুমসডে বলতে পারমাণবিক যুদ্ধ বা চরম ধ্বংসযজ্ঞের আশঙ্কাপূর্ণ এক ভয়াবহ পরিস্থিতিকে বোঝানো হয়। এই সতর্কবার্তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোয়িং ই ফোরবি নাইটওয়াচ নামের বিশেষ বিমানটিও আলোচনায় উঠে এসেছে যা ডুমসডে প্লেন নামে পরিচিত। আকাশে ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করা এই বিমানটি পারমাণবিক হামলার মধ্যেও সরকার পরিচালনার সক্ষমতা রাখে।

দীর্ঘ ৫১ বছর পর সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের আকাশে এই বিশেষ বিমানটি দেখা যায়। জনসমক্ষে খুব কম আসা এই বিমানের ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী এটি অফাট এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়ন করেছিল। মাটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও এই বিমানের উন্নত যোগাযোগ ব্যবস্থা কার্যকর থাকে। বিশ্লেষকদের মতে চলমান এই সংঘাতে সামরিক শক্তির পাশাপাশি মনস্তাত্ত্বিক চাপ তৈরিতেও এমন ডুমসডে ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language