বিয়ের পিঁড়িতে বসলেন ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের ও হৃদি

ঢাকা, ৪ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রীর নাম রাফিয়া রেহনুমা হৃদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯ ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জাতীয় ছাত্রশক্তির বর্তমান সিনিয়র সহসভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদি সমন্বয়ক হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন।
এর আগে তিনি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সংসদের ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শুক্রবার রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে তিনি স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।
শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে আবাসিক শিক্ষার্থী হিসেবে ওঠেন। রাজনৈতিক কারণে এক পর্যায়ে তাকে হল ছাড়তে হলেও পরবর্তীতে তিনি আবারও নিজ হলে ফিরে আসেন। পূর্বে আবু বাকের গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









