সিঙ্গাপুরে সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস, চিকিৎসায় গেছেন নজরুল ইসলামও

ঢাকা, ৩ এপ্রিল – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার ভোরে তাকে কেবিনে নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই বর্ষীয়ান নেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সীমিত পরিসরে কথা বলতে পারছেন।
এর আগে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
অন্যদিকে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার উদ্দেশ্যে গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
দলের এই দুই শীর্ষ নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬









