এফডিসিতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস

ঢাকা, ৩ এপ্রিল – আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ২০১২ সাল থেকে প্রতি বছর আনন্দঘন পরিবেশে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। অন্যান্য বছরের মতো এবারও চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি প্রাঙ্গণ রঙিন সাজে সজ্জিত হয়েছে।
এবারের চলচ্চিত্র দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। চলচ্চিত্রাঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানান, সরকারি পরিপত্র দেরিতে পাওয়ায় প্রস্তুতির সময় কম পাওয়া গেছে। তবে সাধ্যমতো এফডিসি প্রাঙ্গণ সাজানোর চেষ্টা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সবাইকে নিয়ে আনন্দমুখর পরিবেশে দিবসটি উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সাড়ে দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এগারোটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। সবশেষে দুপুর দুইটায় বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এবারের আয়োজনের সমাপ্তি ঘটবে।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









