প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি ও তানভীর গনি

ঢাকা, ২ এপ্রিল – প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই নতুন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই নিয়োগ প্রদান করেছেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। পরবর্তীতে বেশ কয়েকবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ব্যতীত পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা কর্মরত রয়েছেন।
নতুন করে এই দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে যুক্ত করা হলো।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









