শিক্ষা

মাদ্রাসা শিক্ষা বোর্ডে সকাল ৯টা থেকে উপস্থিতি বাধ্যতামূলক, ১০ জরুরি নির্দেশনা

ঢাকা, ২ এপ্রিল – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ দপ্তরে অবস্থান বাধ্যতামূলক করে গত ২ মার্চ একটি পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

সেই নির্দেশনার আলোকে এবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের কর্মকর্তা ও কর্মচারীদের একই সময়ে অফিসে আবশ্যিক উপস্থিতির নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিসকক্ষ পরিষ্কার রাখাসহ মোট ১০টি জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ছয় সদস্যের একটি তদারকি কমিটিও গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১০টি নির্দেশনার মধ্যে রয়েছে,

১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিসকক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও উক্ত সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

৩. অফিস চলাকালে শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে হবে।

৫. অফিসকক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

৬. অফিস করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

৭. অফিসের সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

৮. সরকারি নির্দেশনা ব্যতিরেকে আলোকসজ্জা পরিহার করতে হবে।

৯. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

১০. অফিসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language