মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে সামরিক পদক্ষেপে প্রস্তুত আমিরাত

রিয়াদ, ১ এপ্রিল – মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পাশে থেকে সরাসরি সামরিক ভূমিকা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে সংযুক্ত আরব আমিরাত। আরব কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে মিলে সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে ইউএই। ইরানের পাল্টা হামলার কারণে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে।

এমন পরিস্থিতিতে জলপথটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইউএই সক্রিয়ভাবে সামরিক ভূমিকা পালনের উপায় খুঁজছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইউএই হবে প্রথম দেশ যারা সরাসরি এই সংঘাতে অংশগ্রহণ করবে। অন্যদিকে মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যথাযথ সহযোগিতা না করায় সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র যুক্তরাষ্ট্রের একার নয়।

একই সাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের দিকেও অগ্রসর হচ্ছে আমিরাত যাতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়। হরমুজ প্রণালী পুনরায় সচল করার উদ্দেশ্যে ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। এই প্রস্তাবে রাশিয়া ও চীন বাধা দিতে পারে বলে ধারণা করা হলেও প্রস্তাব পাস না হলে মাইন অপসারণের মতো বিভিন্ন সহায়ক কার্যক্রমে সামরিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে ইউএই।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে দীর্ঘদিন ধরে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর আবু মুসা দ্বীপের মতো কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে ইউএই। ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে হরমুজ প্রণালীতে নির্বিঘ্নে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে বিশ্বব্যাপী ঐকমত্য রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ সচল রাখা অত্যন্ত জরুরি।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language