ইস্ফাহানের অস্ত্রাগারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা

তেহরান, ৩১ মার্চ – ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি অস্ত্রাগারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলার মাত্রা এতটাই ব্যাপক ছিল যে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিস্ফোরণের দৃশ্য শেয়ার করেছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই চিত্র প্রকাশ করে তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ব্যাপক বিস্ফোরণে ইস্ফাহান শহর কেঁপে উঠেছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে সোমবারের এই হামলায় মার্কিন বাহিনী বেশ কিছু শক্তিশালী বোমা ব্যবহার করেছে। এর মধ্যে দুই হাজার পাউন্ড বা ৯০৭ কেজি ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখ্য ২৩ লাখ মানুষের বসবাস থাকা ইস্ফাহান শহরটি মধ্যযুগের নানা ঐতিহাসিক নিদর্শনের জন্য অত্যন্ত সুপরিচিত। কৌশলগত দিক থেকেও ইরানের এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের পরমাণু প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। একইসঙ্গে শহরটিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বদর এয়ারবেইস রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে বিমান বাহিনীর এই হামলায় অস্ত্রাগারটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং তা আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে। হামলার সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে বলে জানা গেছে।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









