ব্যবসা

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

ঢাকা, ৩১ মার্চ – দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা বিশুদ্ধ সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গ্রাহককে গুনতে হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language