পশ্চিমবঙ্গ

মুর্শিদাবাদে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা

মুর্শিদাবাদ, ৩১ মার্চ – ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বসবাসরত ঐতিহাসিক চরিত্র মীর জাফরের বংশধরদের একটি বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে।

এর ফলে আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নবাব পরিবারের ভুক্তভোগী সদস্যরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পাওয়ার পর তারা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা দিয়েছিলেন। কিন্তু শুনানির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তাদের অধিকাংশের নাম তালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে।

ঐতিহাসিক তথ্যমতে, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের প্রত্যক্ষ সহায়তায় বাংলার নবাব পদে আসীন হয়েছিলেন মীর জাফর। বর্তমানে মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় তাঁর ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করছেন। ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় তাদের অনেকেরই নাম বাদ পড়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language