রামেক হাসপাতালে হামের উপসর্গে ৩০ শিশুর মৃত্যু

রাজশাহী, ৩০ মার্চ – রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার পর মাত্র এক শিশুর শরীরে হাম শনাক্ত করা গেছে এবং বাকি ২৯ জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে।
এদের মধ্যে ৩৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামে আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালের সাধারণ শিশু ওয়ার্ড ও নির্ধারিত কর্নারে আলাদাভাবে আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। শিশু বিভাগের প্রধান আরও জানান, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশেরই বয়স ছয় মাসের নিচে। চিকিৎসকদের জন্য এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
তবে এক বছরের বেশি বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে বেশ কম। এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০ থেকে ৩৫০০ রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে। তা সত্ত্বেও সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে চিকিৎসকরা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









