বগুড়া

বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া, ৩০ মার্চ – আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ নির্বাচনী এলাকার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটের দিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এই ছুটি কার্যকর থাকবে। বগুড়া ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান নির্বাচিত হয়েছিলেন।

তবে একই সঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার আইনি বিধান না থাকায় তিনি ঢাকা ১৭ আসনটি রেখে বগুড়া ৬ আসন ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নতুন নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। অন্যদিকে শেরপুর ৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. মিজানুর রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় তখন ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language