কেরানীগঞ্জে বেশি দামে অকটেন বিক্রি: ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা

ঢাকা, ৩০ মার্চ – ঢাকার কেরানীগঞ্জে খোলা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি এবং অবৈধভাবে জ্বালানি সরবরাহের দায়ে এক ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দেশে জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতিতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধ করতে এই অভিযান পরিচালনা করা হয়। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার ও কদমতলী এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাদের সার্বিক সহযোগিতা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার সময় রামেরকান্দা বাজারে এক ব্যবসায়ীকে খোলা বাজারে প্রতি লিটার ২৩০ টাকা দরে অকটেন বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। তিনি এক মোটরসাইকেল আরোহীর কাছে ১২ লিটার অকটেন বিক্রি করছিলেন। এই অপরাধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী গোলচক্কর এলাকার তানাকা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে নির্দিষ্ট কোনো যানবাহন ছাড়া সরাসরি গ্যালনে করে প্রতি লিটার ১৩৫ টাকা দরে অকটেন বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একই ধরনের বেআইনি কার্যক্রমের পুনরাবৃত্তি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
এই ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, জ্বালানি তেলের বর্তমান সংকটকে পুঁজি করে অসাধু মহলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, জ্বালানি সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি ও সরবরাহকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









