ট্রাম্পের সংশয়ের পর মস্কো থেকে ইরাকবাসীকে মোজতবা খামেনির বার্তা

তেহরান, ৩০ মার্চ – ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সংশয় প্রকাশের পর মস্কো থেকে একটি লিখিত বার্তা দিয়েছেন মোজতবা। ওই বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরাকের জনগণকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ইরাকের শিয়াপন্থি মুসলিমদের ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী সিস্তানির বরাত দিয়ে রোববার ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ নিউজ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানি জনগণের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং ইরাকি জনতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোজতবা খামেনি। বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইরাকের শিয়াপন্থি রাজনৈতিক দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাকের বৈঠকের পর এই বার্তা দেওয়া হয়।
এর আগে গত ২৭ মার্চ ফ্লোরিডার মিয়ামিতে একটি ফোরামের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ইরানের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। তিনি দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন এবং তার ছেলে হয়তো মারা গেছেন অথবা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। এই মন্তব্যের মাত্র দুই দিনের মাথায় মোজতবা খামেনির বার্তাটি সামনে এলো।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রথম দিনে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন এবং মোজতবা খামেনি আহত হন। আহত অবস্থাতেই তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়। পরবর্তীতে ১২ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রুশ সামরিক বিমানে করে মস্কোয় যান মোজতবা। বর্তমানে তিনি মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









