জাতীয়

ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ৩০ মার্চ – আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে যে দুপুরের মধ্যে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘলা থাকতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে বয়ে আসা মাঝারি গতির বাতাস সাময়িকভাবে দমকা হাওয়ায় রূপ নিতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে যে এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। তবে এটি সাময়িকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা কালবৈশাখী হিসেবেও বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে গতকাল রাতে দেওয়া সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language