সংসদে গণভোট ও জুলাই সনদ নিয়ে আগে আলোচনার দাবি নাহিদ ইসলামের

ঢাকা, ২৯ মার্চ – জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সংসদের নিয়মিত অন্যান্য কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হওয়া উচিত।
রোববার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ জানান, বর্তমান সংসদ কীভাবে গঠিত হয়েছে তা অনেকেই ভুলে যাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সংসদের কার্যক্রম দেখলে মনে হয় এমন কিছুই ঘটেনি।
তিনি আরও উল্লেখ করেন, যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় এই বিষয়গুলো সংসদে সবচেয়ে বেশি গুরুত্বসহকারে আলোচনা হওয়া উচিত এবং এর একটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। এরপরই সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা সংগত।
বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম জানান, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে প্রথমে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা শুরু করা হোক।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









