সোনারগাঁয়ে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

নারায়ণগঞ্জ, ২৯ মার্চ – নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অবৈধভাবে চুন বহনকারী ওই ট্রাকে হঠাৎ করেই আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই ট্রাকে থাকা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আগুনে বেশ কিছু চুন পুড়ে গেলেও একপর্যায়ে স্থানীয় লোকজন নিজস্ব চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অন্যদিকে এই অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান যে ট্রাকে আগুন লাগার কোনো তথ্য তাদের কাছে নেই। পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত নয় বলেও তিনি উল্লেখ করেন।
এস এম/ ২৯ মার্চ ২০২৬








