শিক্ষা

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী

কুমিল্লা, ২৭ মার্চ – শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন করেন, তবে আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর হলেন শিক্ষকরা।

শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষায় নকলের সূত্রপাত ও অবসান দুটিই শিক্ষকদের হাত ধরে হয়েছিল। বিগত সরকারের আমলে দেশ আবারও নকলে সয়লাব হয়ে গিয়েছিল। তবে এখন থেকে পরীক্ষায় আর কোনো ধরনের নকল বরদাশত করা হবে না। এই বিষয়ে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। এই মন্ত্রণালয় আমার কাছে একটি এবাদতখানা। শিক্ষকরা যদি একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তবে তা তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে পরিগণিত হবে।

নকল প্রতিরোধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগের মতো পরীক্ষা এ দেশে আর অনুষ্ঠিত হবে না।

অতীতে শিক্ষকদের হাতে দুটি কলম থাকত এবং তারা শিক্ষার্থীদের খাতায় লিখে দিয়ে নকল সরবরাহ করতেন। এখন থেকে এই প্রথা সম্পূর্ণ বন্ধ। আগামীতে সব পরীক্ষা হবে শতভাগ নকলমুক্ত।

আসন্ন এসএসসি পরীক্ষার প্রসঙ্গ টেনে মন্ত্রী নির্দেশ দেন, প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, সব সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

সভা শেষে মন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language