লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে কারাগারে প্রেরণ

লক্ষ্মীপুর, ২৬ মার্চ – লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ আব্দুর রহিম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি ফিরে এলে এই বিষয়ে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব এবং মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে এবং ওইদিন বিকেলেই আদালতে হাজির করে। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার থেকে বিরোধ চলছিল।
এর জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। দেওপাড়া গ্রামের পক্ষে রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের পক্ষে মিতুল নামের এক ব্যক্তি নেতৃত্ব দেন। রাকিবের অনুসারীরা সশস্ত্র অবস্থায় ছিল এবং রাকিব নিজে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে।
সংঘর্ষের সময় আব্দুর রহিম নামের পঞ্চাশ বছর বয়সী এক পথচারীর বাম পায়ে গুলি লাগে। এছাড়া মানিক নামের আরেক ব্যক্তিকে চেইন দিয়ে পিটিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ আব্দুর রহিম পেশায় একজন গাছ ব্যবসায়ী এবং আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের বাসিন্দা।
এ এম/ ২৬ মার্চ ২০২৬








