ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় কাজে পুরোদমে মনোনিবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন তিনি।
মঙ্গলবার ২৪ মার্চ ছিল ঈদের ছুটির পর প্রথম কার্যদিবস। প্রথম দিনে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী এবং সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন। দপ্তরে নেমেই তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। পরবর্তী সময়ে ঢাকার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক আরেকটি জরুরি সভায় তিনি সভাপতিত্ব করেন।
আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং অন্যান্য প্রশাসনিক কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।
সকাল থেকে রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর এই নিরবচ্ছিন্ন কর্মযজ্ঞ রাষ্ট্রের প্রতি তার গভীর অঙ্গীকারের প্রমাণ বহন করে বলে মন্তব্য করেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি জানান, দেশের দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশের চেয়ে রাষ্ট্রীয় কাজই প্রধানমন্ত্রীর কাছে অগ্রাধিকার পেয়েছে।
এনএন/ ২৪ মার্চ ২০২৬









