ভারত

অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলতে ভারতের প্রচেষ্টা, আটকে পড়া নাবিকদের ফেরানোর উদ্যোগ

নয়া দিল্লি, ২৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত করার জন্য ভারত জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের রাজ্যসভায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী মোদি জানান যে অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে পড়া ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

হরমুজ প্রণালি খোলার বিষয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক শীর্ষ নেতার সঙ্গে তার অন্তত দুবার টেলিফোনে কথা হয়েছে। বিশেষ করে উপসাগরীয় সব দেশের সঙ্গেই ভারত নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইরান, ইসরায়েল ও আমেরিকার সঙ্গেও তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিশদ আলোচনা করেছেন বলে মোদি জানান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে প্রধানমন্ত্রী মোদি এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোদি তার বক্তব্যে স্পষ্ট করেন যে ভারত মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা প্রশমন এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠাকে জোরালোভাবে সমর্থন করে। পুরো বিশ্বের অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালী সম্পূর্ণ খোলা, নিরাপদ এবং সবার জন্য নির্বিঘ্ন প্রবেশযোগ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

এর আগে চলমান যুদ্ধের কারণে ভারতের অর্থনৈতিক দুশ্চিন্তার কথা প্রকাশ করে মোদি জানিয়েছিলেন যে দেশে এলপিজি ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সরকার সব সম্ভাব্য আগাম ব্যবস্থা নিচ্ছে এবং এলপিজির বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পিএনজি ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করছে।

এ এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language