শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সির জন্য ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ

ঢাকা, ২৪ মার্চ – বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সহায়তায় ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ তথ্য জানান।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, জাপান, চীন, কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই ১০ লাখ টাকার ঋণ সুবিধা দেওয়া হবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের শ্রমবাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিদেশে কর্মরত শ্রমিকদের আয় বাড়ানোর লক্ষ্যে বিদেশি ভাষা শেখার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
জাপানে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করা একটি সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
ইউরোপীয় দেশগুলোর ভিসার জন্য ভারত যাওয়ার বাধ্যবাধকতা এড়াতে বাংলাদেশে সরাসরি কনস্যুলার সেবা চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলো সামাজিক ও মূলধারার গণমাধ্যমে বেশি করে প্রচার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিবাসন ব্যয় নির্ধারণ এবং মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় রেমিট্যান্সে সাময়িক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে শ্রমবাজার সম্প্রসারিত হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ২৪ মার্চ ২০২৬









