দীর্ঘ ছুটি শেষে খুলল অফিস, প্রথম দিনেই ব্যস্ত প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ – টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে সকাল থেকেই শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল নয়টায় সচিবালয়ে উপস্থিত হয়ে তার দৈনন্দিন কাজ শুরু করেন। বর্তমানে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে বসে অফিস করছেন।
প্রথম কার্যদিবসেই দিনভর তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এবং কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন।
এছাড়া বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তার বিশেষ বৈঠক রয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রীর এই ব্যস্ত সূচি প্রশাসনের সব স্তরে ব্যাপক কর্মচাঞ্চল্য তৈরি করেছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









