দেড় যুগের মধ্যে সেরা ঈদ, ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নামছে মন্ত্রণালয়

ঢাকা, ২৪ মার্চ – বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদুল ফিতর সবচেয়ে স্বস্তিতে এবং শান্তিতে উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন এবারের ঈদে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। তবে কয়েকটি সড়ক দুর্ঘটনা এবং বাস বা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের দুয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সার্বিকভাবে এবারের ঈদ অত্যন্ত ভালো কেটেছে বলে তিনি উল্লেখ করেন।
একইসঙ্গে দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান আজ থেকেই রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও অভিযান শুরু হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো ক্লিনিক ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









