ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান সমর্থিত ৭ যোদ্ধা নিহত

বাগদাদ, ২৪ মার্চ – ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র জোট হাশেদ আল শাবির সাত সদস্য নিহত হয়েছেন। এই হামলায় ওই বাহিনীর আরও অন্তত ১৩ জন সদস্য আহত হয়েছেন বলে একটি সূত্রের বরাতে জানা গেছে। সূত্রটি জানায়, আনবার প্রদেশে হাশেদ আল শাবির একটি ঘাঁটিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এই বিমান হামলা চালিয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ নামেও পরিচিত এই হাশেদ আল শাবি মূলত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি বড় জোট।
বর্তমানে এই সশস্ত্র জোটটি আনুষ্ঠানিকভাবে ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই বাহিনীর অভ্যন্তরে ইরানপন্থী কয়েকটি শক্তিশালী গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। পিএমএফ তাদের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে আনবার প্রদেশের কমান্ডার সাদ দুওয়াই আল বাইজিও রয়েছেন। তবে এই বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









