জাতীয়

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস, সচিবালয়ে ফিরল কর্মচাঞ্চল্য

ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। মঙ্গলবার নির্ধারিত সময়েই কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

দীর্ঘ ছুটি কাটিয়ে অফিসে ফিরে সহকর্মীদের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এদিন সকাল সাড়ে আটটা থেকে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ৯টায় নিজ দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিবসহ সব স্তরের কর্মীরা উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। অনেকেই গ্রামের বাড়ি থেকে ফিরে সরাসরি অফিসে যোগ দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিনে দাপ্তরিক কাজের চেয়ে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মাঝেই সময় কাটছে বেশি। তবে অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম পুরোদমেই শুরু হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।

এর আগে পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language