জাইমা রহমানের চেলসিতে খেলার বিষয়ে বিভ্রান্তি দূর করলেন আমিনুল হক

ঢাকা, ২৩ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবলপ্রীতি এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন।
রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।
দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক জানান, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার বিষয়টি তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।
নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক আলাপ হয়। সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক জানান, জাইমা রহমান তাকে বলেছিলেন তিনি স্কুলে তার মতো গোলরক্ষক ছিলেন।
মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তার বিশেষ দক্ষতা ছিল।
আমিনুল হক জোর দিয়ে বলেন, ইউরোপে স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি অগাধ ভালোবাসা ছিল। তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার কারণেই প্রতিমন্ত্রী বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার উদ্যোগ নেন।
এনএন/ ২৩ মার্চ ২০২৬









