কুমিল্লার ট্রেন দুর্ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু

কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনার পর ডাউন লাইন দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেইল ছেড়ে যায়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রেনটি ছেড়ে যায় এবং ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনা কবলিত এলাকা অতিক্রম করে।
ইতিমধ্যে উদ্ধার কাজের জন্য রেলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে এবং খুব দ্রুত উদ্ধার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে শনিবার ২১ মার্চ রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন পুরুষ দুজন নারী ও তিনজন শিশু নিহত হন। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুটি কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ২২ মার্চ ২০২৬









