এমবাপ্পেকে দলে ডাকা নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন ফ্রান্সের কোচ দেশম

যুক্তরাষ্ট্র, ২০ মার্চ – চোটের কারণে সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ না খেলা সত্ত্বেও কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্স জাতীয় দলে অন্তর্ভুক্ত করায় ফুটবল মহলে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আসন্ন ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে এমবাপ্পের নাম রাখা হয়েছে। হাঁটুর চোটের কারণে রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড সম্প্রতি মাঠে খুব বেশি সময় কাটাতে পারেননি।
আর এ কারণেই তাকে জাতীয় দলে ডাকার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এমবাপ্পেকে দলে নেওয়ার বিষয়ে দেশম স্পষ্ট করে জানান, তাকে কেবল মার্কেটিংয়ের উদ্দেশ্যে দলে নেওয়া হয়েছে এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এমবাপ্পে নিজেই এই প্রীতি ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে প্রবল আগ্রহী।
কোচ আরও উল্লেখ করেন, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আসন্ন ম্যাচের পর এমবাপ্পের বর্তমান শারীরিক অবস্থা বিশদভাবে মূল্যায়ন করা হবে এবং এরপরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে তিনি ঠিক কতটা সময় মাঠে থাকবেন। আগামী ২৬ মার্চ ব্রাজিল এবং ২৯ মার্চ কলম্বিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স জাতীয় ফুটবল দল।
অন্যদিকে দলে তৃতীয় গোলরক্ষক হিসেবে লুকাস শেভালিয়ের অন্তর্ভুক্তি নিয়েও নতুন আলোচনার জন্ম হয়েছে। এই প্রসঙ্গে দেশম জানান, এটি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া একটি সিদ্ধান্ত।
ভবিষ্যতে কী ঘটবে তা নিশ্চিত না হলেও বর্তমান পরিস্থিতিতে তাকে দলে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন এই ফরাসি কোচ।
এ এম/ ২০ মার্চ ২০২৬









