জাতীয়

উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা ও পুলিশের ওপর চড়াও: ৭০০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ১৬ মার্চ – রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের গুজবে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকেও আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

অন্যদিকে সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার যে খবর ছড়িয়ে পড়েছিল তা সম্পূর্ণ গুজব। পুরো ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রকৃত জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language