এসবি, সিআইডি ও র্যাবের শীর্ষ পদে বড় রদবদল, নতুন প্রজ্ঞাপন জারি

ঢাকা, ১৬ মার্চ – বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি এবং অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির প্রধান পদে রদবদল এনেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা ১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া সিআইডির অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার এবং এসবির উপপুলিশ মহাপরিদর্শক মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর একটি প্রজ্ঞাপনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক আহসান হাবীব পলাশকে।
এস এম/ ১৬ মার্চ ২০২৬









