ঈদে টানা ৭ দিনের ছুটি, আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস

ঢাকা, ১৬ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদের আগে আজ (সোমবার) তাদের শেষ কর্মদিবস। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি।
আগে নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ফলে এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি থাকবে সরকারি অফিসগুলোতে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরর ছুটি থাকায় এবং ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণার ফলে এবার টানা সাত দিনের ছুটি পাওয়া যাচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬) অনুযায়ী তাদের ক্ষমতাবলে এ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।
এই সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে।
এনএন/ ১৬ মার্চ ২০২৬









