৯/১১-এর মতো হামলা চালিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে: লারিজানি

তেহরান, ১৫ মার্চ – যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার অনুরূপ একটি ঘটনা ঘটিয়ে ইরানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি।
তিনি অভিযোগ করেছেন যে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অনুসারী ও তার গ্যাংয়ের সদস্যরা ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের ছক কষছে।
আলী লারিজানি বলেন, তিনি শুনতে পেরেছেন এপস্টেইন গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি বড় ধরনের ঘটনা ঘটিয়ে তার দায়ভার ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান যে ইরান মৌলিকভাবেই এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী। আমেরিকান জনগণের সঙ্গে ইরানের কোনো সরাসরি যুদ্ধ বা বিরোধ নেই বলেও তিনি উল্লেখ করেন।
সম্প্রতি মার্কিন সরকারের বিপুলসংখ্যক গোপন নথি প্রকাশিত হয়েছে। এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবশালী ও ধনী ব্যক্তির সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে এই অর্থলগ্নিকারী এপস্টেইনের সঙ্গে একাধিকবার ছবি তুললেও পরবর্তীতে তাকে বিকৃত মানসিকতার মানুষ হিসেবে আখ্যায়িত করেছিলেন। বছরের পর বছর ধরে অসংখ্য তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল এপস্টেইনের বিরুদ্ধে।
বর্তমান প্রেক্ষাপটে তেহরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের এই সম্পর্কের বিষয়টিকে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









