জাতীয়

লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

ঢাকা, ১৫ মার্চ – পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর অত্যন্ত মহিমামণ্ডিত ও বরকতময় একটি রাত। পবিত্র কোরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন।

তিনি উল্লেখ করেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এই রাতে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলি জাগ্রত করার মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে অনুপ্রাণিত করে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই যেন এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত করেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করেন। একই সঙ্গে তিনি জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। বাণীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয়। দেশ ও জাতিকে যেন আল্লাহ অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language