উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ঢাকা, ১৫ মার্চ – উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সেখানে পাঠানোর কথা রয়েছে। এই যাত্রায় তাঁর সঙ্গী হচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তাঁর ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।
এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান করানো হলে তাঁর মস্তিষ্কে জটিলতা ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকদের নিয়ে গঠিত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে গত শুক্রবার দুই ধাপে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয় এবং সেই রিপোর্ট সন্তোষজনক এসেছে।
হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে গত শুক্রবার সেখানে ছুটে যান দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









