ক্রিকেট

আইপিএল ছেড়ে পিএসএল খেলবেন ইংলিশ তারকারা, দাবি মুলতান মালিকের

করাচী, ১৪ মার্চ – জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে চুক্তি করার পর বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পরিস্থিতিতে পিএসএলের দল মুলতান সুলতানসের মালিক গোহর শাহ দাবি করেছেন যে, তার দলের হয়ে খেলার জন্য ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আইপিএল বাদ দিতেও প্রস্তুত।

একটি ক্রিকেট শোতে অংশ নিয়ে গোহর শাহ বলেন, ইংল্যান্ড জাতীয় দলে তার অনেক ভালো বন্ধু রয়েছে। আগামী বছর তাদের ডাকলে তারা আইপিএলের বেতনের দশমাংশ অর্থের বিনিময়েও মুলতানের হয়ে খেলতে প্রস্তুত থাকবে। আইপিএল বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও গোহর শাহ ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বস্ততার ওপর জোর দিয়েছেন। তিনি জানান, বর্তমানে তার দলে সাতজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। আগামী বছর এমন কয়েকজন তারকা খেলোয়াড় তার দলে যোগ দেবেন যারা বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন না।

এর মধ্যে স্টিভ স্মিথের মতো বড় নামও থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে। এর দুদিন পর শুরু হবে আইপিএলের ১৯তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। আসর শুরু হওয়ার আগে অনেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন এবং আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language