মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: নাগরিকদের ইরাক ভ্রমণে তুরস্কের সতর্কতা জারি

বাগদাদ, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে তুরস্ক সরকার। বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ইরাকে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য তুর্কি নাগরিকদের প্রতি কড়া পরামর্শ দেওয়া হয়েছে। বাগদাদে অবস্থিত তুরস্কের দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করে। সাম্প্রতিক সময়ে ইরাকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের প্রভাব বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইরাকে অবস্থানরত বা ভ্রমণকারী নাগরিকদের অবশ্যই জনাকীর্ণ স্থানগুলো এড়িয়ে চলতে হবে। বিশেষ করে বাগদাদের গ্রিন জোন, বাগদাদ ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর, মোসুল ও এর আশপাশের আবাসিক এলাকা এবং বসরা সংলগ্ন অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেশজুড়ে থাকা সামরিক ও তেল স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর আশেপাশে না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরাকে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে সম্প্রতি ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী গ্রিন জোন ও এরবিলে একাধিক হামলা চালিয়েছে। তবে সতর্কতা জারি করা হলেও তুরস্ক এবং ইরাকের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক ও সচল রয়েছে বলে নিশ্চিত করেছে তুর্কি দূতাবাস।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language