বিজ্ঞান ও প্রযুক্তি

শিশুদের জন্য হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা

বর্তমান সময়ে স্কুলজীবন শেষ করার আগেই অনেক শিশুর হাতে স্মার্টফোন পৌঁছে যাচ্ছে। অনলাইন পড়াশোনা এবং যোগাযোগের প্রয়োজনে তারা বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

তবে অল্প বয়সে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে শিশুরা অনেক সময় অনুপযুক্ত কনটেন্ট ও অনিরাপদ যোগাযোগের ঝুঁকিতে পড়ে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অভিভাবকরা উদ্বিগ্ন ছিলেন।

এই সমস্যার সমাধানে নতুন একটি সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টের ওপর অভিভাবকরা সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এর ফলে সন্তানের মেসেজিং কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তনের সুযোগ থাকবে তাদের হাতে।

এই বিশেষ অ্যাকাউন্টে কিছু ফিচার সীমিত রাখা হয়েছে। যেমন চ্যানেল, স্ট্যাটাস আপডেট বা মেটার এআই সুবিধা এখানে পাওয়া যাবে না। এছাড়া ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বা ভিউ ওয়ান্স অপশনও ব্যবহার করা যাবে না। নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে এখানে কেবল ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপে মেসেজ পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

অভিভাবকরা খুব সহজেই সন্তানের এই অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। এজন্য বাবা মায়ের ফোন এবং সন্তানের ফোন একসঙ্গে রাখতে হবে। নিজের অ্যাকাউন্ট থেকে সন্তানের ডিভাইসে থাকা একটি কিউআর কোড স্ক্যান করলেই দুটি অ্যাকাউন্ট একসঙ্গে যুক্ত হয়ে যাবে। এতে অভিভাবক সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নজর রাখতে পারবেন এবং প্রয়োজন হলে পিন বা প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে পারবেন। তবে সন্তান নির্দিষ্ট বয়স পার করার পর এই নিয়ন্ত্রণ স্থায়ী থাকবে না।

ব্যবহারকারীর বয়স নির্ধারিত সীমা অতিক্রম করলে অ্যাকাউন্টটিকে সাধারণ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য একটি নোটিফিকেশন পাঠানো হবে। এই পরিবর্তনে সম্মতি দেওয়ার জন্য অভিভাবকদের একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে শিশুদের অনলাইন যোগাযোগকে আরও নিরাপদ করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে বাচ্চারা যেমন প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবে, তেমনি অভিভাবকরাও তাদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language