হরমুজ প্রণালিতে হামলা চালালে ইরানের জ্বালানি বাণিজ্য ধ্বংসের হুমকি ট্রাম্পের

ওয়াশিংটন, ১৪ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখে তবে তাদের সম্পূর্ণ জ্বালানি বাণিজ্য ধ্বংস করে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই কড়া বার্তা দেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে ইতিহাসের অন্যতম শক্তিশালী হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা খার্গ দ্বীপে অবস্থিত ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে। তবে দ্বীপটির তেল অবকাঠামো এখনও অক্ষত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ইরান বা অন্য কোনো পক্ষ যদি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলে বাধা দেয় তবে তিনি তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত পরিবর্তন করবেন।
পারস্য উপসাগরে অবস্থিত ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপকে ইরানের জ্বালানি বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয়। এই দ্বীপ থেকেই দেশটির প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাস রপ্তানি করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এরপর থেকে সেখানে বেশ কিছু বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকদের ধারণা, খার্গ দ্বীপের জ্বালানি স্থাপনায় হামলা হলে ইরানের অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
এনএন/ ১৪ মার্চ ২০২৬









