জাতীয়

ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, কমলাপুরে ভিড়

ঢাকা, ১৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদের ছুটি শুরু হতে বেশ কয়েক দিন বাকি থাকলেও যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগেই পরিবার ও পরিজনদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন অনেকে। স্টেশন ঘুরে দেখা যায় কেউ সপরিবারে আবার কেউ একা ঢাকা ছাড়ছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় মূল ছুটির সময় যানজট ও অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতেই তাদের এই পূর্বপ্রস্তুতি। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল মামুন জানান সড়কপথে দুর্ঘটনার ঝুঁকি এবং অতিরিক্ত ভোগান্তি এড়াতে তিনি ট্রেনকে নিরাপদ মনে করছেন। অনলাইনে টিকিট কাটতে কিছুটা বেগ পেতে হলেও স্টেশনে এসে ট্রেন প্রস্তুত দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী করপোরেট কর্মকর্তা মেহেদী হাসান জানান ঈদের আগে ট্রেন ছাড়তে দেরি হলে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। তাই অফিস থেকে আগাম ছুটি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন তিনি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহানও তার মা বাবার সঙ্গে গ্রামের সবুজ পরিবেশে ঈদ উদ্‌যাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে স্টেশনের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে যাত্রীদের দুই দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আফতাব জানান বিনা টিকিটের কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পরিবারের সদস্য সংখ্যা টিকিটের চেয়ে একজন বেশি হলে নির্ধারিত ভাড়ার বিনিময়ে স্ট্যান্ডিং টিকিটের সুবিধা দেওয়া হচ্ছে। সার্বিকভাবে ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এনএন/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language