জাতীয়

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন

ঢাকা, ১৩ মার্চ – রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়।

রিপোর্টের ফলাফল পর্যালোচনা করে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং পরিবারের সম্মতি সাপেক্ষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই মেডিকেল বোর্ডে ছিলেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language