মার্কিন ঘাঁটি বন্ধের নির্দেশ ইরানের নতুন সর্বোচ্চ নেতার, হামলার হুঁশিয়ারি

তেহরান, ১২ মার্চ – ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বক্তব্যেই যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে এসব ঘাঁটি সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ ভাষণে তিনি এই সতর্কবার্তা দেন। মোজতবা খামেনি বলেন ইরানের ওপর নতুন করে কোনো চাপ সৃষ্টির চেষ্টা করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে।
একই সঙ্গে শত্রুদের ওপর অব্যাহত চাপ বজায় রাখার কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে তিনি ঘোষণা দেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি সর্বস্তরের জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান সর্বদা বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে তিনি দাবি করেন।
তবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে তাদের জোরালো অবস্থান এবং মার্কিন ঘাঁটিগুলোর ওপর সম্ভাব্য হামলার হুমকি অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন। গত সপ্তাহান্তে ইরানের সর্বোচ্চ নেতার পদে আসীন হওয়ার পর এটিই ছিল মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক দিকনির্দেশনামূলক বক্তব্য।
এস এম/ ১২ মার্চ ২০২৬









