ইরাকের আল-ফাও বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত এক নাবিক

বাগদাদ, ১২ মার্চ – ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনায় এক নাবিকের প্রাণহানি ঘটেছে। এই ঘটনা থেকে আরও ৩৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাটি ইরাকের জলসীমার ভেতরেই সংঘটিত হয়েছে যা দেশের সার্বভৌমের ওপর সরাসরি আঘাত। হামলার কারণে জাহাজ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত এখনো চলমান রয়েছে।
যুক্তরাজ্যের একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থাও এই হামলার খবর নিশ্চিত করেছে। হামলার পর ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সার্বিক নিরাপত্তার স্বার্থে তেল বন্দরগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরাকি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত বুধবার ওমান উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে হরমুজ প্রণালিতে একটি থাই পতাকাবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটে। সেই সময় ওমানের নৌবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ২০ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছিল।
এস এম/ ১২ মার্চ ২০২৬









