শিক্ষা

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনে এনটিআরসিএ’র উদ্যোগ

ঢাকা, ১২ মার্চ – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, উপাধ্যক্ষ এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় সংস্থার সম্মেলন কক্ষে একটি বিশেষ সভার আহ্বান করা হয়েছে।

বুধবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ২০২৬ আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা এটি। সভায় মূলত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্ত করা এবং এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল ও কলেজের জনবলকাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫ এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে একটি পরিপত্র জারি করা হয়।

নতুন এই নীতিমালায় প্রতিষ্ঠানপ্রধান হওয়ার জন্য ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে। উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি এনটিআরসিএ মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নীতিমালার নতুন শর্তের কারণে আগের বিজ্ঞপ্তিটি বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে পুনরায় আবেদন গ্রহণের সুযোগ তৈরি হবে এবং পরীক্ষার তারিখও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language